শীতলক্ষ্যায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ
শীতলক্ষ্যায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
ছবি: এআই দ্বারা তৈরি

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন—গাজীপুরের কালীগঞ্জের ওবায়দুল্লাহ (৩৮), শিবপুরের সৌরভ এবং কাপাসিয়ার শান্তা (১৬)। নিখোঁজ ব্যক্তির নাম শান্ত (২৪), যাঁর বাড়ি টাঙ্গাইলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামেন তাঁরা। একপর্যায়ে তিনজন পানিতে তলিয়ে গেলে তাঁদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নিখোঁজ হন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কারও সন্ধান মেলেনি। পরবর্তীতে শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং তীব্র স্রোতের মধ্যেই তিনজনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

শিবপুর মডেল থানার এসআই নাদিম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ শান্তকে উদ্ধারে নদীতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন