শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
সকালবেলা অনলাইন: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও 'দ্য ডেইলি অবজারভার' পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
তবে ঠিক কী কারণে বা কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে এবং আটকের পর তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইকবাল সোবহান চৌধুরী দেশের প্রবীণ সাংবাদিকদের একজন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৭২ সালে 'দ্য বাংলাদেশ অবজারভার' পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়। পরবর্তী সময়ে তিনি পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব নেন এবং পত্রিকাটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই পদে ছিলেন।
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি 'দ্য ডেইলি অবজারভার'-এর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি।
পরবর্তী সময়ে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ২০১৪ সালের ২০ নভেম্বর তাঁকে প্রধানমন্ত্রীর সম্মানী ও খণ্ডকালীন গণমাধ্যম উপদেষ্টা হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়।
এর আগে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স পিবিআই কার্যালয়ে ডেকে তাঁর বক্তব্য গ্রহণ করে। প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়। সে সময় পিবিআইপ্রধান জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের পর তাঁর দেওয়া বিভিন্ন বক্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বর্তমান আটকের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এআইএল/সকালবেলা