রাতৈলকে আদর্শ ইউনিয়ন করতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
রাতৈলকে আদর্শ ইউনিয়ন করতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল

শেখ শোভন আহমেদ (কাশিয়ানী): ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীর মধুমতি নদীর তীরবর্তী ৬ নম্বর রাতৈল ইউনিয়নে শুরু হয়েছে আগাম নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে পাড়া-মহল্লার আড্ডায় এখন আলোচনার শীর্ষে সম্ভাব্য প্রার্থীরা। আর এই আলোচনা ও সম্ভাবনার দৌড়ে শীর্ষে রয়েছেন তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসেন রুবেল।

নাজমুল হোসেন রুবেলের সমর্থকদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হবেন। তাঁদের মতে, একজন সৎ, সাহসী, শিক্ষিত ও মার্জিত তরুণ নেতৃত্ব হিসেবে রুবেল নির্বাচিত হলে রাতৈল ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে।

এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, মাদক নির্মূল, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদী স্থানীয় ভোটাররা।

ইউনিয়নের ঘোনাপাড়ার সাধারণ ভোটার নাজমুল বলেন, “আমরা রুবেল ভাইকে তাঁর সততা, বুদ্ধিমত্তা ও নিঃস্বার্থ জনসেবার কারণে সমর্থন করছি। তিনি একজন যোগ্য প্রার্থী; আমরা চাই তিনি আমাদের প্রতিনিধি নির্বাচিত হন।” শতবর্ষী প্রবীণ আলিম শেখ জানান, রুবেল এলাকার মানুষের বিপদে-আপদে সব সময় বটবৃক্ষের মতো পাশে দাঁড়িয়েছেন।

নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসেন রুবেল বলেন, “আমি রাতৈল ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চাই। অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং জনগণের ন্যায়সংগত অধিকার আদায় করাই আমার মূল লক্ষ্য।”

এআইএল/সকালবেলা