মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রবিবার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি তারেক রহমানের প্রথম সরকারি মালয়েশিয়া সফর। সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রী, সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীসহ বিভিন্ন উপদেষ্টা ও কর্মকর্তারা।

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে চীন সফর করবেন। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ, মুক্ত বাণিজ্য চুক্তি এবং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব যোগদানের বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে।

সূত্র: বাসস

মন্তব্য করুন