মামুনুল হককে নিয়ে নিজের মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ
মামুনুল হককে নিয়ে নিজের মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে কেন্দ্র করে জাতীয় সংসদে দেওয়া নিজের মন্তব্য প্রত্যাহার বা এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রবিবার (২১ জুন) সংসদ অধিবেশন শুরুর পরপরই স্পিকার নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।

এর আগে গত বৃহস্পতিবার সংসদের বাজেট আলোচনায় ঢাকা-১ আসনের বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক তাঁর বক্তব্যে মামুনুল হকের ব্যক্তিগত জীবন ও অতীত প্রসঙ্গ টেনে কিছু মন্তব্য করেছিলেন। ওই দিনই স্পিকার সেই বক্তব্যটি এক্সপাঞ্জ করার আদেশ দিয়ে বলেছিলেন, ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, চাই না আমরা।’

আজকের অধিবেশনে স্পিকার তাঁর সেই 'অন্ধকার অংশ' বা 'অন্ধকারাচ্ছন্ন অধ্যায়' শব্দগুলোকেও নিজের বক্তব্য থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, "গত বৃহস্পতিবার ঢাকা-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামীর নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে দু-একটি অনভিপ্রেত মন্তব্য করেছিলেন। যেহেতু সংসদে এসে তাঁর আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তাই তাঁর সম্পর্কে এমন বিরূপ মন্তব্য করা অনুচিত। সে কারণে আমি আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছি।"

স্পিকার আরও যোগ করেন, "আমিও সে সময় বলেছিলাম কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে। আমার বক্তব্যের সেই 'অন্ধকারাচ্ছন্ন অধ্যায়' শব্দটিকেও এক্সপাঞ্জ করা হলো।"

ভবিষ্যতে সংসদে বক্তব্য দেওয়ার সময় সকল সংসদ সদস্যকে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, যিনি বা যাঁরা এই সংসদে উপস্থিত থেকে নিজেকে ‘ডিফেন্ড’ বা আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না, তাঁদের উদ্দেশ্য করে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়।

মন্তব্য করুন