ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সমন্বয়ে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে মেটা। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজতর করতে এবং তরুণ প্রজন্মকে প্ল্যাটফর্মে সক্রিয় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন পরিবর্তনের অন্যতম বড় আকর্ষণ হলো ফেসবুকের ‘এআই মোড’। এতদিন তথ্য খোঁজার জন্য ব্যবহারকারীদের অসংখ্য পোস্ট স্ক্রল করতে হতো। এখন থেকে সাধারণ ভাষায় প্রশ্ন করলেই ‘মেটা এআই’ পাবলিক পোস্টগুলো বিশ্লেষণ করে সরাসরি উত্তর বা সারাংশ প্রদান করবে। তবে ব্যক্তিগত পোস্টের তথ্যের নির্ভুলতা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে কিছুটা সতর্কতা রয়েছে।
ব্যবহারকারীদের কনটেন্ট তৈরির অভিজ্ঞতা বাড়াতে মেটা নিয়ে এসেছে নতুন ভিডিও এডিটিং টুলস এবং ‘এআই ফটো প্রিসেট’ ফিচার। এই ফিচারের মাধ্যমে এআই ব্যবহার করে ছবিতে পোশাক, চুলের স্টাইল এবং চেহারার ধরনে তাৎক্ষণিক পরিবর্তন আনা সম্ভব হবে। এছাড়া গত ফেব্রুয়ারি থেকে মেটা ‘অ্যানিমেটেড প্রোফাইল ফটো’ ফিচারও চালু করেছে।
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনাকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ কিছু ইন্টারেক্টিভ ফিচার আনছে মেটা। বিভিন্ন ব্রডকাস্টার, ফুটবল দল ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফুটবলবিষয়ক বিশেষ কনটেন্ট উপভোগ করার সুযোগ থাকবে।
মেটা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে বিশ্বের সব অঞ্চলের ব্যবহারকারীদের জন্য এই ফিচারগুলো উন্মুক্ত করা হবে। এরই মধ্যে বেশ কিছু দেশে সীমিত আকারে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।
জান্নাত সকালবেলা
|