পতিত স্বৈরাচার আর ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ণ
পতিত স্বৈরাচার আর ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবারও গড়ে তুলে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংখ্যায় কম বা বেশি হোক, অন্যান্য ধর্মাবলম্বী এবং বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ—সবাই মিলেই আমরা বাংলাদেশে বসবাস করছি; এতে কোনো সমস্যা নেই। আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক এবং সবার নাগরিক অধিকার সমান।

দেশের চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা প্রতিহত করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী সরকারের শাসনামলে এবং জবরদস্তিমূলক শাসনের মধ্যে থাকতে হয়েছে। সে সময় বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে এবং আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবন কাটিয়েছেন। শাপলা চত্বরে রাতের অন্ধকারে শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, সাধারণ ভাই-বোন ও আলেমদের হত্যা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন; তাঁদের প্রকৃত সংখ্যা এখনো নির্ণয় করা যায়নি এবং অনেককে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে একটি বই প্রকাশ করা হয়েছে, যেখানে ছবিসহ অনেকের নাম-ঠিকানা ও পরিচয় উঠে এসেছে। তবে এখনো সবার পরিচয় ও দাফনের স্থান নিশ্চিত করা যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়মিত মামলা করার পরামর্শ ও দাবি অনুযায়ী মামলা দায়ের করা হয়েছিল এবং সেটির সূত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে; এর বিচার হবে।

সীমান্তের ওপার থেকে সেই অপশক্তি এখনো দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, অনাচার ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে আইনানুগ পথে, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যশীলতার সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করা হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। তিন দিনব্যাপী এ বার্ষিক ইজতেমায় কয়েক হাজার আলেম-ওলামা অংশ নেন এবং শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাপক জনসমাগম ঘটে।

এআইএল/সকালবেলা