ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিয়াউল আমিন জুয়েলকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের মেড্ডা এলাকা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জিয়াউল আমিন জুয়েল নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। বিকেলেই তাঁকে সদর মডেল থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

এদিকে, ১৫ আগস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের তথাকথিত কর্মসূচির ছবি ও ভিডিও প্রচারের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশ। নিষিদ্ধ সংগঠনটির জেলা কমিটির নেতাকর্মীদের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, পোস্টারিং ও বৃক্ষরোপণের ছবি ছড়িয়ে পড়লে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব প্রচারণাকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।

তিনি জানান, ১৫ আগস্টে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোথাও নিষিদ্ধ ছাত্রলীগের কোনো প্রকার প্রকাশ্য কর্মসূচি পালিত হয়নি। ফেসবুকে প্রচারিত ভিডিওগুলো পুরোনো অথবা অন্য কোনো এলাকার ফুটেজ।

ওসি আরও জানান, নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা রুখতে পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে এবং শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন