জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক: ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে চির অম্লান করে রাখতে এবং শহীদদের বীরত্ব গাঁথা স্মৃতি সংরক্ষণ করতে 'জুলাই স্মৃতি জাদুঘর'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটি শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী আন্দোলনে বীর শহীদ পরিবারের সদস্য ও আহত বীর যুদ্ধারা উপস্থিত ছিলেন।
সরকারের দেওয়া হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, নবনির্মিত এই জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর ঐতিহাসিক আলোকচিত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও গণআন্দোলনের দলিল, ভিডিও ফুটেজ, আন্দোলনকারীদের ব্যবহৃত ব্যক্তিগত স্মারক এবং ঐতিহাসিক আন্দোলনের নানা স্মৃতিচিহ্ন সুবিন্যস্তভাবে সংরক্ষণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ২০২৪ সালের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি আন্দোলনসংগ্রামের চিরন্তন রূপ ফুটিয়ে তোলা সম্ভব হবে।
উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষে আজ ৫ আগস্ট দিনটি কেবল আমন্ত্রিত বিশেষ অতিথি ও শহীদ পরিবারের জন্য সংরক্ষিত থাকলেও আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এই 'জুলাই স্মৃতি জাদুঘর' দেশের সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
|