আশুলিয়ায় তামাকের গোডাউনে ভয়াবহ আগুন
অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ায় একটি তামাকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট।
বুধবার (৫ আগস্ট) সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ওই তামাকের গোডাউনে হঠাৎ এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে নলাম এলাকার তামাক গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার পরপরই প্রথম দফায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে গোডাউনে তামাক থাকায় আগুনের তীব্রতা ও ভয়াবহতা মুহূর্তেই বহুগুণ বেড়ে যায়। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বিবেচনা করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি এবং ধামরাই ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়।
ঘটনার প্রায় সাড়ে ৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা চারদিক থেকে আগুন ঘেরাও করে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো সম্ভব হয়নি।
|