নতুন রাষ্ট্রপতিকে হেফাজতে ইসলামের অভিনন্দন
স্টাফ রিপোর্টার: বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিবৃতিতে হেফাজতের শীর্ষ নেতারা আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, ইনসাফ, সমতা এবং জনকল্যাণের আদর্শকে সমুন্নত রেখে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। একই সাথে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামাদের সম্মান ও অধিকার রক্ষায় একটি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। ইসলাম ও ওলামায়ে কেরামের সাথে রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ হবে এবং ধর্মীয় বিষয়ে তাঁদের পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।
বিবৃতিতে হেফাজত নেতারা আরো উল্লেখ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির দূরদর্শী নেতৃত্বে দেশে ন্যায়বিচার, সামাজিক শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি ও জনগণের কল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে। রাষ্ট্রের ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি আগ্রাসন মোকাবিলা এবং দেশে রাজনৈতিক সৌহার্দ্য ফিরিয়ে আনতে তিনি অভিভাবকসুলভ সাহসী ভূমিকা পালন করবেন।
পরিশেষে তাঁরা রাষ্ট্রপতির শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও শুভকামনা জানান এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর সার্বিক সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
এআইএল/সকালবেলা
|