চট্টগ্রাম ও সিলেটে কয়েক দিন গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
অনলাইন ডেস্ক: উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল অতিক্রম করে বর্তমানে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রত্যক্ষ প্রভাবে আগামী কয়েক দিন দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার (বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা) পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এসময় চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তীতে শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ দিন সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।