শাড়ি নিয়ে প্রতারণার মামলা: আজ তানজিন তিশার চার্জ শুনানি

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
শাড়ি নিয়ে প্রতারণার মামলা: আজ তানজিন তিশার চার্জ শুনানি

বিনোদন প্রতিবেদক: অনলাইন ফ্যাশন পেজ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিনে থাকা জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আজ মঙ্গলবার চার্জ (অভিযোগ গঠন) শুনানির দিন ধার্য রয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে দুপুর ১২টার দিকে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।

এর আগে, গত ১২ জুলাই আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হলে পরবর্তীতে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা। সেদিন তাঁর আইনজীবী নিহার হোসেন ফারুকের আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন আদালত।

জামিন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী। তানজিন তিশা বলেন, "আমার দীর্ঘ ১৫ বছরের সুনামধন্য ক্যারিয়ারে ২৮ হাজার টাকার শাড়ি আত্মসাৎ করার মতো কোনো ঘটনা ঘটতে পারে না। একটি শাড়ির জন্য আমাকে আদালতে আসতে হবে—তা কারোরই কাম্য নয়। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি উপস্থিত হয়েছি। মামলায় যেসব দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।"

তিশা আরও অভিযোগ করেন, মামলার বাদী একজন নারী যিনি তাঁর স্বামীর ক্ষমতার অপব্যবহার করে এমন মিথ্যা মামলা দায়ের করেছেন এবং তাঁকে নানাভাবে হুমকি প্রদান করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্ম ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রচার-প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। কিন্তু পরবর্তীতে তিনি শাড়ির মূল্য না দিয়ে পেজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম বাদী হয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই বর্তমানে মামলাটির আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম বা চার্জ গঠনের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন