রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

অনলাইন ডেস্ক: রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে রুশ জরুরি পরিষেবা সংস্থার সূত্রের বরাতে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'তাস' (TASS)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ইয়ারোস্লাভল অঞ্চলের পেরেস্লাভল-জালেস্কি শহরের কাছে অবস্থিত কুব্রিনস্ক গ্রামের দুটি পৃথক ভবনে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঝলসে যাওয়া একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল এভরায়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা গেছে। ঘটনাস্থলে বিরতিহীনভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রায় ২০০ জন জরুরি উদ্ধারকারী কর্মী এই কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে শিল্পের নির্ধারিত নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে রুশ কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি ফৌজদারি মামলা দায়ের করে অগ্নিকাণ্ডের মূল কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন