গুলশানের ওসির পর সরানো হলো ডিসিকেও
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আচমকা মিছিলকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে এবার গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। এতে বলা হয়, প্রশাসনিক কারণে এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে একই দিনে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন রাস্তায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে তারা ককটেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে হাতেনাতে দুজনকে গ্রেপ্তার ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সচিবালয়ে জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য থাকলেও জুমার নামাজের প্রাক্কালে কেএফসি মোড়ে এরকম ঘটনা ঘটবে তা হয়তো পুলিশ পুরোপুরি অনুমান করতে পারেনি। তবে ঘটনার পরপরই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা