গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে: মাহ্দী আমিন

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ণ
গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে: মাহ্দী আমিন

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের রেটিংয়ে বাংলাদেশের দীর্ঘদিনের ‘নেগেটিভ’ আউটলুক ‘স্টেবল’ হওয়ায় বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থান উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। এতে নারী ও যুবকদের কাজের সুযোগ সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদাও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের গত এক মাসের কার্যক্রম পর্যালোচনা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

উপদেষ্টা মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে এবং এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। সংকট নিরসনে প্রথম ধাপে ১৫০টি এবং পরবর্তী ধাপে আরও ১৫০টি নতুন কূপ খননের রূপরেখা নেওয়া হয়েছে। ২০২৮ সালের আগেই তৃতীয় এলএনজি টার্মিনাল চালু, টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানি এবং ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়নের অগ্রগতিও তিনি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সরকারের ছয় মাসের বহুমুখী উন্নয়ন উদ্যোগ তুলে ধরা হয়। এর মধ্যে তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল, জাতীয় পে-স্কেল ২০২৬ অনুমোদন, কড়াইল ও সাততলা বস্তি পুনর্বাসনে আধুনিক আবাসন প্রকল্প, ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্তকরণ এবং কৃষি খাতে চাহিদার চেয়ে বেশি সার মজুতের তথ্য নিশ্চিত করা হয়। স্বাস্থ্য খাতে জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ এবং যোগাযোগ খাতে ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন ও চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানানো হয়। পাশাপাশি গত ছয় মাসে প্রবাসী আয় ১৩.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৯৪ কোটি ডলারে পৌঁছেছে বলেও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব শালেহ শিবলী বলেন, ক্ষমতাকে ভোগ নয়, সেবার ব্রত হিসেবে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষ যেন রাষ্ট্রের প্রকৃত মালিকানা অনুভব করতে পারে, সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান এবং গণমাধ্যমকে অপতথ্য রোধে নিয়মিত ‘ফ্যাক্টচেক’মূলক প্রতিবেদন প্রকাশের অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও এ সময় উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন