ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিকেলে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া ১০ হাজার টাকা পর্যন্ত মূল ঋণের আসল ও তার ওপর অর্জিত সম্পূর্ণ সুদ মওকুফ করা হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর কাছে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের এ সংক্রান্ত পাওনার পরিমাণ প্রায় ১ হাজার ৫৫ো কোটি টাকা, যা এখন মওকুফের আওতায় আসবে। এর ফলে দেশের প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও উল্লেখ করেন যে এই সিদ্ধান্তের ফলে কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হয়ে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন। ঋণের কিস্তি বাবদ বেঁচে যাওয়া অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগের সুযোগ পাবেন। এছাড়া ব্যাংক রেকর্ড পরিষ্কার হওয়ায় তারা পুনরায় স্বল্পসুদে ঋণ নিতে পারবেন, যা তাদের মহাজনি ঋণের উচ্চসুদ থেকে রক্ষা করবে। তিনি স্মরণ করিয়ে দেন যে ১৯৯১-৯৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারও ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। বর্তমান সরকারের এই পদক্ষেপে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ