ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ বৃহস্পতিবার ক্রিটের একটি নৌঘাঁটি ত্যাগ করেছে।
এএফপির একজন আলোকচিত্রী রণতরিটির রওনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় জেনেভায় যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন দফা পরোক্ষ আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই এই রণতরিটি যাত্রা শুরু করল।
রণতরিটি গত সোমবার থেকে ক্রিটের ‘ইউএস নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি সউদা বে’ ঘাঁটিতে অবস্থান করছিল। এথেন্সে মার্কিন দূতাবাস এই রণতরির অবস্থান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তবে বিশ্লেষকরা মনে করছেন, তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে বাধ্য করতেই ওয়াশিংটন এই শক্তি প্রদর্শন করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার ইরানকে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন এবং গত বছর সরাসরি হামলার নির্দেশও দিয়েছিলেন। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরানের পারমাণবিক কর্মসূচি মূলত অস্ত্র তৈরির উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’, ৯টি ডেস্ট্রয়ার এবং আরও তিনটি শক্তিশালী যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যে একসঙ্গে দুটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান করার ঘটনা বেশ বিরল। এসব রণতরিতে কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান এবং হাজার হাজার প্রশিক্ষিত নাবিক দায়িত্ব পালন করছেন।
সূত্র: আল অ্যারাবিয়া ও এএফপি
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ