ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ব্যানার অপসারণ ও ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
নির্বাচন-পরবর্তী সময়ে শহরের সৌন্দর্য রক্ষায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. কাউসার আহমেদ এবং সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। টাউন হলের সামনে থেকে শুরু হয়ে সিটি বাজার রোড ও পায়রা চত্বর হয়ে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত এ কার্যক্রম বিস্তৃত ছিল।
অভিযান চলাকালে জাহাজ কোম্পানি মোড় এলাকায় ‘মেসার্স রমজান কালেকশন’ নামক একটি দোকানের বিলবোর্ড অপসারণ করতে গেলে বিপত্তি ঘটে। দোকানের মালিক মো. রমযান আলীসহ স্থানীয় ব্যবসায়ীরা বিলবোর্ড অপসারণে বাধা দেন এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্যবসায়ীরা কর্মকর্তাদের ঘটনাস্থল ত্যাগে বাধা দেন বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিলবোর্ডটি পুনরায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও অপসারণের সময় সেটি ভেঙে যাওয়ায় তা আর লাগানো সম্ভব হয়নি। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ও শহরের সৌন্দর্য রক্ষায় এই উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. শাহজাহান আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ