পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৫ পুলিশসহ নিহত ১৯

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৫ পুলিশসহ নিহত ১৯

গত দুই দিনে উত্তর-পশ্চিম পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য এবং ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আল-অ্যারাবিয়া ও এএফপি-কে এই তথ্য নিশ্চিত করেছেন। আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সীমান্তে গুলি বিনিময়ের কয়েকদিন পরই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।

প্রাদেশিক রাজধানী পেশোয়ারের পুলিশ কর্মকর্তাদের মতে, গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে এসব হামলা চালানো হয়। এ সময় দুই পুলিশ কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে, যারা এখনও নিখোঁজ রয়েছেন। হামলার বেশিরভাগ দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানে এই গোষ্ঠীর হামলা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

এদিকে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট অঞ্চলে পরিচালিত চারটি পৃথক পাল্টা অভিযানে ২৬ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, আফগান তালেবান সরকার তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো গোষ্ঠীগুলোকে দমন করতে ব্যর্থ হয়েছে। যদিও কাবুল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া এবং প্রতিবেশী বেলুচিস্তানে রাস্তার পাশে বোমা হামলা ও অতর্কিত হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সহিংসতা দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তের ওপারে সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে, যা নিয়ে কাবুলের সঙ্গে দিল্লির টানাপোড়েন আরও তীব্র হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন