নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে সৎ বাবার থেকে ছিনতাইয়ের পর হত্যা

নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে সৎ বাবার থেকে ছিনতাইয়ের পর হত্যা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে (১৫) তার সৎ বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে কতিপয় যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদীর কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী মাধবদীর বিলপাড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।

নিহতের স্বজনদের অভিযোগ, গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয় মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে বিষয়টি স্থানীয়ভাবে ‘মীমাংসা’ করা হয়।

মেয়েটির সৎ বাবা জানান, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি মেয়েকে খালার বাড়িতে রাখতে যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে পাঁচজন যুবক মিলে জোরপূর্বক তাঁর কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কিশোরীর কোনো সন্ধান পায়নি। পরদিন সকালে সরিষা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ অপরাধীদের খুঁজে বের করতে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।

এমএম/সকালবেলা

মন্তব্য করুন