ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। (ছবি: সংগৃহীত)
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সাথে আলাপকালে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, খুব দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। তিনি বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরেই এক ধরণের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা এই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 'মিটার ভাড়া' হিসেবে দিতে হয়। গ্রাহকদের মূল অভিযোগ ছিল— মিটারের নির্ধারিত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে কেন এই চার্জ নেওয়া হচ্ছে। এই চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
প্রিপেইড মিটার চার্জ বাতিল হওয়ার ফলে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে গ্রাহকদের রিচার্জ করা টাকা থেকে আর কোনো বাড়তি অংশ মিটার ভাড়া বাবদ কাটা হবে না।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ