চকরিয়ায় রাজনৈতিক মামলায় দুই সাংবাদিকের নাম: একজন কারাগারে, অন্যজন আতঙ্কে

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
চকরিয়ায় রাজনৈতিক মামলায় দুই সাংবাদিকের নাম: একজন কারাগারে, অন্যজন আতঙ্কে
সাংবাদিকদের ওপর হয়রানি ও মামলার প্রতিবাদে চকরিয়ায় স্থানীয় সাংবাদিকদের উদ্বেগ ও তৎপরতা
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার  : কক্সবাজারের চকরিয়ায় একটি রাজনৈতিক মামলায় আট নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক ইয়ার রহমান আনানকে এবং একই মামলায় নয় নম্বর আসামি হিসেবে রাখা হয়েছে আরেক সাংবাদিক ফয়সাল আলম সাগরের নাম। এরই মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আনান, আর গ্রেপ্তারের আশঙ্কায় দিন কাটছে সাগরের। সামনে মাস্টার্স পরীক্ষা ও ছোট সন্তানের দায়িত্বের মাঝে মামলার দুশ্চিন্তায় স্বাভাবিক চলাফেরা ও জীবনযাপনে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ফয়সাল আলম সাগর।

ফয়সাল আলম সাগর বলেন, "আনানকে আট নম্বর আর আমাকে নয় নম্বরে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আনানকে গ্রেপ্তার করা হয়েছে। খুবই টেনশনে আছি। আমার ছোট একটা বাচ্চা আছে। কিছুদিন পরেই আবার মাস্টার্সের পরীক্ষা। আমরা এখন কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই।"

ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই পেশায় কর্মরত এই দুই সাংবাদিক স্থানীয় সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির কাজে ব্যস্ত থাকেন। কিন্তু রাজনৈতিক মামলায় নাম আসার পর তাঁদের স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। স্থানীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, এর আগে পেকুয়ার সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন (দৈনিক দেশ রূপান্তর) সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে চিকিৎসক দেখাতে গিয়ে ২০২৪ সালের একটি অটোরিকশা পোড়ানোর মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করছেন। ধারাবাহিক এসব ঘটনায় জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

সাংবাদিক ইয়ার রহমান আনান চকরিয়া প্রেসক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক; তিনি দৈনিক আলোকিত সকালের কক্সবাজার ব্যুরোপ্রধান এবং দৈনিক গণসংযোগের চকরিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত। অন্যদিকে ফয়সাল আলম সাগর চকরিয়া প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক এবং দৈনিক নবচেতনার ভ্রাম্যমাণ প্রতিনিধি।

পুলিশের এজাহারে ইয়ার রহমান আনানকে কার্যক্রম নিষিদ্ধ মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবলীগের সদস্য এবং ফয়সাল আলম সাগরকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অপরাধের অভিযোগ রয়েছে, সে বিষয়ে এজাহারে স্পষ্ট কোনো বিবরণ দেওয়া হয়নি; দলীয় পরিচয় উল্লেখ করা হলেও মামলার ঘটনার সঙ্গে তাঁদের প্রত্যক্ষ সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

দুই সাংবাদিককে মামলায় জড়ানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে সহকর্মীরা বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন অনুযায়ী তদন্ত ও বিচার হতে পারে, কিন্তু অস্পষ্ট অভিযোগ বা পেশাগত পরিচয়কে কেন্দ্র করে হয়রানি করা উচিত নয়। স্থানীয় সাংবাদিকদের মতে, সাংবাদিকতা যেমন কাউকে আইনের ঊর্ধ্বে রাখে না, তেমনি সাংবাদিক পরিচয়ও কাউকে হয়রানির কারণ হতে পারে না। তাঁরা অভিযোগের সত্যতা যাচাই, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ইয়ার রহমান আনানের মুক্তি এবং ফয়সাল আলম সাগরসহ দুই সাংবাদিককে মামলা থেকে অব্যাহতির দাবিতে প্রতিবাদ সভা করেছে চকরিয়া প্রেসক্লাব। গত ১৭ নভেম্বর রাত আটটায় জনতা শপিংয়ে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে এবং অন্যায়ভাবে কাউকে রাজনৈতিক মামলায় জড়িয়ে হয়রানি করা গ্রহণযোগ্য নয়। সভায় দুই সাংবাদিককে মামলা থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া, ভবিষ্যতে কোনো সাংবাদিককে অন্যায়ভাবে মামলায় আসামি না করা এবং সাংবাদিকদের সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে ক্লাব নেতৃত্ব ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

বিষয়টি নিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান তদন্ত করে দেখার আশ্বাস দেন। পরে তিনি প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে সাংবাদিক ইয়ার রহমান আনানের একটি রাজনৈতিক পোস্টারের ছবি পাঠান। তবে ওই পোস্টারের সঙ্গে মামলার অভিযোগের সম্পর্ক, ছবির সময়কাল কিংবা এটি সুনির্দিষ্ট কোনো অপরাধের প্রমাণ কি না—এ বিষয়ে ওসির কাছ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ বলেন, "আমি তখন ছিলাম না। ট্রেনিংয়ে ছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে।"