১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা থাকলেও বাস্তবতা ভিন্ন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, "মনের জ্বালায় পয়সা দিয়ে হায়ার করে অনেক লেখাই লেখানো যায়। কিন্তু ইচ্ছা (ডিজায়ার) ও বাস্তবতার (রিয়ালিটি) মধ্যে পার্থক্য বুঝতে হবে।"
তিনি স্পষ্ট করে বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না;
শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, "বাস্তবতা হচ্ছে, প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ না করে তাঁকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না। তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তার মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে।"
সরকারের বৈধতা ও অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, জনগণের বিপুল ভোটে নির্বাচিত বর্তমান সরকার আত্মবিশ্বাসী এবং শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে থাকবে।
এর আগে মঙ্গলবার সকালে প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।