সকালে শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু
বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে বগুড়ার মমইনে শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। পাশাপাশি অভিনেতার মৃত্যুর আগের সময়ের ঘটনাও জানিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোহেল খান বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন। আজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি স্বাভাবিকভাবে নাশতা করেন। এরপর নিজের হোটেলকক্ষে বিশ্রাম নিতে যান এবং পরবর্তীতে শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপও নেন।
নির্মাতা এমডি ইকবাল গণমাধ্যমকে জানান, শুটিংয়ের জন্য সোহেল খানকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য তাঁকে হোটেলের কক্ষে বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নির্মাতা এমডি ইকবাল শোক প্রকাশ করে বলেন, "একজন সুস্থ মানুষ এভাবে সবার চোখের সামনে চলে যাবেন, বিষয়টি মেনে নেওয়া কঠিন। সোহেল খানের মৃত্যুতে পুরো নসীব সিনেমার শুটিং ইউনিট শোকাহত।"
অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং স্তব্ধ হয়ে পড়েছে গোটা বিনোদন অঙ্গন।