সরকারি চাকরিতে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে বাড়তে পারে বেতন

রাকিবুল হাসান
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
সরকারি চাকরিতে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে বাড়তে পারে বেতন

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই নতুন এই কাঠামো কার্যকর হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটি ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উচ্চ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের ওপর যে আর্থিক চাপ তৈরি হয়েছে, তা লাঘব করতেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে: রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমাতে কমিটি এককালীন পূর্ণ বাস্তবায়নের পরিবর্তে পর্যায়ের ক্রমে বেতন বাড়ানোর পরামর্শ দিয়েছে। মূল বেতন (বেসিক) বৃদ্ধি করা হবে।

 প্রস্তাবিত কাঠামোতে নিম্নস্তরের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির আভাস পাওয়া গেছে। বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা এবং ভাতাসহ মোট বেতন প্রায় ১৬,৯৫০ টাকা। নতুন কাঠামোতে তাদের মূল বেতন ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ভাতাসহ মোট মাসিক বেতন দাঁড়াতে পারে প্রায় ৪১,৯০৮ টাকা, যা বর্তমানের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।

সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকর হয়েছিল। এরপর দীর্ঘ ১১ বছর নতুন কোনো স্কেল দেওয়া হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নে বিশেষ কমিশন গঠন করে। গত ২১ এপ্রিল সেই প্রতিবেদন পর্যালোচনার জন্য একটি শক্তিশালী কমিটি পুনর্গঠন করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সুপারিশগুলো এখন চূড়ান্ত পর্যালোচনায় রয়েছে। সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন পেলেই তা আসন্ন বাজেটে ঘোষণা করা হবে। এতে করে দেশের প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী সরাসরি উপকৃত হবেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বড় ধরনের স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন