ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: পাট প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: পাট প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, "ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অফিসের আশপাশে জমে থাকা ময়লা ও পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

অধ্যাপক ডা. মো. মজিবর রহমানের সভাপতিত্বে এবং ডা. মীর নুর উস সাদের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ আতাউর রহমান। তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বর্তমান পরিস্থিতি, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সামাজিকভাবে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বক্তারা বলেন, এডিস মশা সাধারণত বাসাবাড়ির জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব, ডাবের খোসা ও নির্মাণাধীন ভবনসহ যেকোনো পাত্রে পানি জমা বন্ধ করতে হবে। শুধু সরকারি উদ্যোগে এই মহামারি নিয়ন্ত্রণ সম্ভব নয়; প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। জ্বর বা উপসর্গ দেখা দিলে গুজবে কান না দিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. একরাম আহসান, ডা. মো. আতিকুল সারোয়ারসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন