বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সিপিডি

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সিপিডি

অনলাইন ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখলেও এর বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি জানিয়েছে, প্রশাসনের আধুনিকায়ন, অটোমেশন ও কাঠামোগত সংস্কার ছাড়া সরকারের বিশাল রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে।

শুক্রবার (১২ জুন) সিপিডি আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়া’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের উন্নয়ন বাজেটে থোক বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। একই সঙ্গে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ মাত্রাতিরিক্ত হারে বাড়লে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিদেশি ঋণের প্রসঙ্গ টেনে ড. ফাহমিদা খাতুন বলেন, স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে বিদেশি ঋণ ব্যবহার করা না গেলে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ দেশের অর্থনীতির ওপর আরও বাড়বে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে খাদ্য ও জ্বালানির সরবরাহ বাড়ানোর পাশাপাশি দক্ষ ও বাস্তবসম্মত মুদ্রানীতি গ্রহণ করতে হবে। এই লক্ষ্য অর্জনে সংকোচনমূলক মুদ্রানীতি আরও কিছুদিন অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।

ড. ফাহমিদা খাতুন আরও বলেন, সরকারি ব্যয়ের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি না পেলে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য অর্জন সম্ভব হবে না। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও কৃষি খাতে বরাদ্দ কমে যাওয়াকে উদ্বেগজনক বলে মনে করছে সিপিডি। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, প্রস্তাবিত বাজেটে নিম্নআয়ের মানুষের ওপর করের চাপ বাড়ছে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের স্বস্তির জন্য করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর সুযোগ ছিল।

তবে বাজেটের কিছু ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, দেশীয় শিল্পের জন্য কর রেয়াত ও আমদানি পর্যায়ে কর সুবিধা দেওয়া হয়েছে। উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান তৈরির বেশ কিছু উদ্যোগও রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের এই প্রস্তাবিত বাজেটে।

মন্তব্য করুন