নির্বাচনে অস্থিতিশীলতার শঙ্কা প্রকাশ টিআইবির

নির্বাচনে অস্থিতিশীলতার শঙ্কা প্রকাশ টিআইবির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অস্থিতিশীলতার শঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটির মতে, নির্বাচনী সহিংসতা এবং ক্ষমতাসীন পক্ষের ঘোষিত নির্বাচনবিরোধী তৎপরতার কারণে এই উদ্বেগ সৃষ্টি হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মাইডাস সেন্টারে ‘প্রাক নির্বাচন ও গণভোট পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই শঙ্কার কথা জানান।

টিআইবির পর্যবেক্ষণে বলা হয়েছে, শুরুতে তুলনামূলক সুস্থ প্রতিযোগিতা থাকলেও ক্রমান্বয়ে রাজনৈতিক দল ও প্রার্থীরা সহিংস ও অসুস্থ নির্বাচনি কার্যক্রম চালাচ্ছেন। দল ও জোটের মধ্যে সংঘাত, ক্ষমতার জন্য প্রতিযোগিতা এবং সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে অর্থ ও ধর্ম ব্যবহার নির্বাচনে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

টিআইবি জানিয়েছে, নির্বাচন কমিশন ও অন্যান্য অংশগ্রহণকারীদের ভূমিকা স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপর্যাপ্ত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

ড. ইফতেখারুজ্জামান বলেন, “ভোটের ফলাফল মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত। সংখ্যালঘু, নারী, প্রতিবন্ধীসহ সকল ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দল দু’পক্ষের দায়িত্বের সমন্বয়ে তবেই শান্তিপূর্ণ ভোট সম্ভব। অন্যথায় ঝুঁকি থেকে যাবে।”

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন