অপ্রাসঙ্গিক ব্রিটিশ ও পাকিস্তানি আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
অপ্রাসঙ্গিক ব্রিটিশ ও পাকিস্তানি আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক: ব্রিটিশ ও পাকিস্তান আমলের যেসব আইন বর্তমান প্রেক্ষাপটে অকার্যকর বা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন বা নতুনভাবে প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. ফজলে হুদার এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে আইনমন্ত্রী জানান, স্বাধীনতার পর ১৯৭১ সালের ২৬ মার্চের পর বাংলাদেশে একটি সুসংহত আইনি কাঠামো তৈরির লক্ষ্যে 'দ্যা বাংলাদেশ ল’স (রিভিশন অ্যান্ড ডিক্লারেশন) অ্যাক্ট, ১৯৭৩' প্রণয়ন করা হয়েছিল। এই আইনের মাধ্যমে তৎকালীন অপ্রাসঙ্গিক আইনগুলো বাতিল এবং প্রয়োজনীয় আইনগুলো সংশোধন করে বাংলাদেশের আইনি ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে সময়ের প্রয়োজনে বিভিন্ন আইন সংশোধনের মাধ্যমে যুগোপযোগী করা হয়েছে এবং নতুন বাস্তবতায় অনেক নতুন আইনও প্রণয়ন করা হয়েছে। তবে এখনো যেসব প্রাচীন আইন অকার্যকর অবস্থায় রয়েছে, সেগুলো চিহ্নিত করার প্রক্রিয়া চলমান।

মন্ত্রী জানান, এ লক্ষ্যে ল’ কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ এবং ল’ কমিশনের সুপারিশ প্রাপ্তির পর সরকার পর্যায়ক্রমে আইনগুলো সংশোধন বা নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন