ফরিদপুরে ট্রলির ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ণ
ফরিদপুরে ট্রলির ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

আহমেদ লিওন, নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাদ্রাসা ছাত্রী মরিয়ম (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে নগরকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম উপজেলার বড় কাজুলী ইউনিয়নের পুরাপাড়া গ্রামের আসাদুজ্জামান খানের মেয়ে এবং নগরকান্দা মদিনাতুল মাদ্রাসার ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে নগরকান্দা বাজার সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের সামনে একটি ইটবোঝাই চার চাকার ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে মরিয়ম গাড়ির নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করার পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও আঘাত গুরুতর হওয়ায় সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নগরকান্দা থানার এসআই শিপন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রলিটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি; তবে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন