মুকসুদপুরে এলজিইডির তত্ত্বাবধানে সড়কে কার্পেটিং কাজ সম্পন্ন

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ণ
মুকসুদপুরে এলজিইডির তত্ত্বাবধানে সড়কে কার্পেটিং কাজ সম্পন্ন

রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নে এলজিইডির তত্ত্বাবধানে দীর্ঘদিনের অবহেলিত একটি গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ এখন দৃশ্যমান। ইউনিয়নের গোয়ালগ্রাম থেকে পাতলা গোয়ালগ্রাম পর্যন্ত প্রায় ২ হাজার মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের সড়কটির নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সরকারি নীতিমালা ও এলজিইডির নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং গুণগত মান নিশ্চিত করতে গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক এবং উপজেলা প্রকৌশলী বি. এম. মাহমুদুল হাসান সার্বক্ষণিক তদারকি ও নিবিড় মনিটরিং করছেন।

দীর্ঘ প্রতীক্ষিত এই সড়কটির কাজ চলায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গোয়ালগ্রামের নীলরতন বালা ও সাধন দাস জানান, সড়কের কাজ মানসম্মতভাবে হওয়ায় তারা খুশি। স্মৃতি লতা বিশ্বাস নামের এক বাসিন্দা বলেন, "এই সড়কের কাজ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।"

এলাকাবাসী এই উন্নয়নমূলক কাজের জন্য স্থানীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যাসহ এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। সড়কটি পুরোপুরি সম্পন্ন হলে ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন