সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীর

সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তাঁর এই রেকর্ড করা ভাষণটি একযোগে সম্প্রচার করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই ভাষণে চরমোনাই পীর মহান স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে তাঁর দলের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরবেন। বিশেষ করে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন ঘটানোর প্রস্তাবনা দেবেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পীর সাহেব চরমোনাই তাঁর ভাষণে রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা, সংস্কারের কর্মপদ্ধতি এবং খাতওয়ারি উন্নয়নের রূপরেখা হাজির করবেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রে ইসলামের নীতি ও অবস্থান ব্যাখ্যা করবেন তিনি। তরুণ প্রজন্মের প্রতিও তাঁর বক্তব্যে বিশেষ বার্তা ও দিকনির্দেশনা থাকবে বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ধারায় আজ চরমোনাই পীর বক্তব্য দিচ্ছেন। এর আগে জানানো হয়েছে, আজই সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম এবং আগামীকাল সোমবার ভাষণ দেওয়ার কথা রয়েছে মাওলানা মামুনুল হকের।

মন্তব্য করুন