সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে কমিশন বদ্ধপরিকর: আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সিইসি

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে কমিশন বদ্ধপরিকর: আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের সামনে তিনি কমিশনের এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সিইসি জানান, এবারের নির্বাচনে মোট ১২৭ মিলিয়নের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে নতুন যুক্ত হয়েছেন ৪৫ লাখ ভোটার। ২৯৯টি নির্বাচনী এলাকায় ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো ডাক ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়েছে, যেখানে প্রায় ৮ লাখ প্রবাসী নিবন্ধন করেছেন।

ভোটের দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নসহ ৪৫টি দেশ ও সংস্থার প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং দেশি-বিদেশি মিলিয়ে লক্ষাধিক সাংবাদিক মাঠে থাকবেন। সিইসি স্পষ্ট করে বলেন যে, ভোটকেন্দ্রেই গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে এবং যেকোনো অনিয়ম বা অভিযোগ আইনি প্রক্রিয়ায় কঠোরভাবে সমাধান করা হবে। পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

মন্তব্য করুন