ঘর সাজানোর জন্য অনেকেরই প্রথম পছন্দ মানিপ্লান্ট। খুব একটা যত্ন ছাড়াই এই গাছ দ্রুত বেড়ে ওঠে। তবে মাঝে মাঝেই দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। পুরনো পাতা হলুদ হওয়া স্বাভাবিক হলেও, ঘন ঘন এমনটা হওয়া গাছের কোনো সমস্যার লক্ষণ। মূলত পরিচর্যার ভুল বা পুষ্টির অভাবেই এমনটা হয়। চলুন জেনে নিই পাতা হলুদ হওয়ার প্রধান ৫টি কারণ ও প্রতিকার সম্পর্কে।
মানিপ্লান্টে প্রয়োজনের বেশি পানি দিলে শিকড় পচে যায়। পচে যাওয়া শিকড় গাছকে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি দিতে পারে না, ফলে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। তাই টবের উপরের মাটি শুকিয়ে গেলে তবেই পানি দিন।সরাসরি কড়া রোদে এই গাছ রাখলে পাতা পুড়ে যায়। আবার একেবারে রোদ না পেলেও গাছ দুর্বল হয়ে পাতা হলুদ হয়ে যায়। তাই সরাসরি রোদ আসে না এমন উজ্জ্বল জায়গায় গাছটি রাখুন। সপ্তাহে ১-২ দিন জানালার ধারে রাখতে পারেন।গাছ বড় হয়ে গেলে শিকড়গুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। এতে গাছ ঠিকমতো খাবার শুষতে পারে না। এমন হলে পুরনো গাছটি নতুন মাটি দিয়ে বড় কোনো টবে সরিয়ে নিন।যারা কাচের পাত্রে বা পানিতে মানিপ্লান্ট রাখেন, তাদের নিয়মিত পানি বদলাতে হবে। ৭-১০ দিন পরপর পানি না বদলালে পানিতে ছত্রাক জন্মায়, যা পাতা হলুদ করে দেয়। সব সময় পাত্রটি পরিষ্কার রাখুন।
দীর্ঘদিন একই মাটি থাকলে পুষ্টির ঘাটতি দেখা দেয়। বিশেষ করে নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়। তাই নিয়মিত বিরতিতে মাটিতে সার দিলে এই সমস্যা এড়ানো সম্ভব। সূত্র: এই সময়।
জান্নাত/সকালবেলা