প্রতিদিন দুটি করে খেজুর খাওয়ার উপকারিতা
অনলাইন ডেস্ক: খেজুর অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর একটি ফল এবং এর স্বাস্থ্য উপকারিতা অপরিসীম। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন নিয়মিত দুটি করে টানা দুই মাস খেজুর খেলে শরীরে নানাবিধ ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়।
খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা হজমশক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর। এর ফলে পেট ফাঁপা, বদহজম ও কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যায়। টানা দুই মাস নিয়ম করে প্রতিদিন দুটি খেজুর খেলে সকালে পেট পরিষ্কার হওয়া এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে দারুণ সুফল পাওয়া যায়।
খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা বা কার্বোহাইড্রেট (গ্লুকোজ ও ফ্রুকটোজ) রয়েছে, যা খুব দ্রুত হজম হয়ে রক্তে প্রবেশ করে এবং শরীরকে তাৎক্ষণিক এনার্জি বা শক্তি জোগায়। উদাহরণস্বরূপ, প্রায় ৩ থেকে ৪টি বা ৪০ গ্রাম খেজুরে প্রায় ৩০ গ্রাম কার্বোহাইড্রেট এবং ৩.২ গ্রাম ফাইবার থাকে। এছাড়া এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন ও বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে। সারাদিন কর্মক্ষম ও চটপটে থাকতে সকালে কয়েকটি খেজুর খাওয়া বেশ উপকারী।
খেজুরে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম নামক খনিজগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং সুস্থ হার্টবিট বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত খেজুর খেলে শরীরের ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমে। পাশাপাশি এতে থাকা ফ্ল্যাভোনয়েড ও ক্যারোটিনয়েডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কোষের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া এতে উপস্থিত ভালো মাত্রার আয়রন মানবদেহে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় (যেমন—‘রিসার্চ রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ২০২৪’ প্রকাশিত রিপোর্ট) দেখা গেছে, গর্ভবতী নারীদের জন্য খেজুর বিশেষ উপকারী। গর্ভাবস্থার শেষ ৪ থেকে ৬ সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খেজুর খেলে নারীদের জরায়ুর প্রসারণ দ্রুত হয়। খেজুরে থাকা ফ্যাটি অ্যাসিড শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদন বাড়িয়ে জরায়ুর সংকোচনে সহায়তা করে, যা স্বাভাবিক প্রসব প্রক্রিয়াকে অনেকটাই সহজ করে তোলে।