শুধু প্রোটিন গ্রহণে ওজন কমে না
লাইফস্টাইল ডেস্ক: ওজন কমাতে বা পেশিবহুল শরীর গড়তে অনেকেই খাদ্যতালিকায় প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেন। তবে সঠিক ধারণা ছাড়া কেবল প্রোটিন গ্রহণ করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়। বরং অন্যান্য পুষ্টি উপাদান অবহেলা করলে শরীর গঠনের বদলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
ভুল ধারণা ও সঠিক প্রোটিন গ্রহণ: বারডেম হাসপাতালের সাবেক প্রধান পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো জানান, অনেকেই মনে করেন শুধু ডিম বা মাংস খেলেই প্রোটিনের চাহিদা মিটে যায়। কিন্তু বয়স, শারীরিক পরিশ্রম ও শরীরের প্রয়োজন অনুযায়ী প্রোটিনের চাহিদা ভিন্ন হয়। যথাযথ পর্যবেক্ষণ ছাড়া প্রোটিন গ্রহণ করলে অনেক সময় প্রয়োজনের তুলনায় কম বা বেশি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
শুধু প্রোটিন পেশি তৈরি করে না: অনেকের ধারণা, বেশি প্রোটিন খেলেই শরীর শক্তিশালী হবে। তবে শরীরচর্চা ছাড়া কেবল প্রোটিন পেশি গঠন করতে পারে না। এর জন্য ওজন তোলা বা প্ল্যাঙ্কের মতো নিয়মিত শক্তিবর্ধক ব্যায়াম প্রয়োজন।
ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাসের গুরুত্ব: প্রোটিনের দিকে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে আঁশ (ফাইবার), স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ শাকসবজি এবং ফলমূল ভুলে যাওয়া ঠিক নয়। রঙিন শাকসবজি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা সুস্থতার জন্য অপরিহার্য।
উদ্ভিজ্জ প্রোটিনের ভূমিকা: শুধু প্রাণিজ প্রোটিন বা মাংসের ওপর নির্ভর করা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ডাল, শস্য, বাদাম ও বীজের মতো উদ্ভিজ্জ প্রোটিনও শরীরের জন্য অত্যন্ত কার্যকর। আপেলের সঙ্গে বাদামের মাখন বা ওটসের মতো খাবার প্রোটিনের ভালো উৎস হতে পারে।
পুষ্টিবিদদের মতে, সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস। প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত পানি, আঁশযুক্ত খাবার এবং নিয়মিত শরীরচর্চাই কেবল ওজন কমাতে ও শরীর গঠনে সহায়তা করে।
|