এআইয়ের ওপর বেশি নির্ভরতা বিপদ ডেকে আনতে পারে

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ
এআইয়ের ওপর বেশি নির্ভরতা বিপদ ডেকে আনতে পারে

জীবনযাপন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর ওপর অতিরিক্ত এবং অন্ধ নির্ভরতা কর্মক্ষেত্রে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ভারতের এক আইটি কর্মী। নিজের সহকর্মীর বাস্তব উদাহরণ তুলে ধরে তিনি জানান, কাজের মূল বিষয়টি না বুঝে শুধু এআই টুলের ওপর ভরসা করায় ওই কর্মী বারবার পারফরম্যান্স সতর্কবার্তা পেয়েছেন এবং শেষ পর্যন্ত তাকে 'বেঞ্চে' পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে (Reddit) দেওয়া এক পোস্টে ওই আইটি কর্মী তাঁর সাম্প্রতিক অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

রেডিট পোস্টে তিনি জানান, নতুন প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর শুরুতে পারফরম্যান্সজনিত সমস্যার মুখে পড়লেও নিজের দক্ষতা বাড়িয়ে তিনি টিকে যান। পরবর্তীতে তাঁদের দলে একজন অভিজ্ঞতা সম্পন্ন টেক কর্মী যোগ দেন। কিন্তু ওই অভিজ্ঞ কর্মী প্রাতিষ্ঠানিক কাজের জটিলতাগুলো নিজে বোঝার চেষ্টা না করে পুরোপুরি এআই টুলের ওপর নির্ভর করতে শুরু করেন। এর ফলে কাজের মান ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী হয়নি।

ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্সের কারণে একাধিকবার সতর্ক করার পর দুই মাসের মাথায় কোম্পানির পরিচালক তাঁকে মূল প্রজেক্ট থেকে সরিয়ে বেঞ্চে পাঠিয়ে দেন। এতে করে তাঁর চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হয়েছে।

ঘটনাটি বিশ্লেষণ করে ওই আইটি কর্মী জানান, এআই নিঃসন্দেহে একটি চমৎকার সহায়তামূলক টুল, কিন্তু এটি কাজের মৌলিক বোঝার বিকল্প হতে পারে না। একই সাথে আইটি খাতের বর্তমান অনিশ্চয়তা মোকাবেলায় সহকর্মীদের অন্তত কিছুদিন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে জরুরি তহবিল (Emergency Fund) গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

রেডিটে তাঁর এই পোস্টটি প্রকাশের পর বহু প্রযুক্তি কর্মী প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই একমত পোষণ করে লিখেছেন, প্রযুক্তিকে সহায়তার মাধ্যম হিসেবে দেখা উচিত, নিজের মূল দক্ষতার বিকল্প হিসেবে নয়।