সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ওয়াফিক শিপলু (বগুড়া প্রতিনিধি): স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার এবং ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রাম পর্যায়ের ছোটখাটো সমস্যা স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে এ ব্যবস্থা চালুর কাজ চলছে। দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস গড়তে চায়।
স্থানীয় সরকার বিভাগের অধীন পাঁচটি শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৮২ সালে এটি বন্ধ হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে আবারও গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন, যার কার্যক্রম ২০০৬ সালে শুরু হয়। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার সেই আইন বাতিল করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী সরকার কাজ করছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি এবং পরবর্তী ধাপে ৪ বা ৬ জানুয়ারি নির্বাচন হতে পারে। এরপর রমজানের পর ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘গত ২০ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছি, সেই অধিকার ক্ষুণ্ন হতে দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার।’
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠনগুলো নাশকতার চেষ্টা চালাচ্ছে, তবে ফ্যাসিবাদের প্রশ্নে সরকারি ও বিরোধী দল সবাই একমত। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট পাওয়ার অধিকারী হতে পারেন না এবং বিচারের রায় বাস্তবায়ন হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। নিজের সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করে তিনি বগুড়ার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে আটজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জন সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। মরণোত্তর সম্মাননা পান আমান উল্লাহ খান, যাহেদুর রহমান যাদু, খন্দকার আব্দুর রহীম হিরু, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মোহন্ত শানু ও ইকবাল মোর্শেদ রিপন। আজীবন সম্মাননা পান ওয়াসিকুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান রুমন।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান মোহন আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আবু সাইদ এবং অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
এআইএল/সকালবেলা