বছর শেষে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী?
শোবিজ ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও তারকা সাংসদ মিমি চক্রবর্তী কি তবে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন? টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এমন নানা গুঞ্জন। ইন্ডাস্ট্রির ফিসফিসানি বলছে, সময়টা খুব বেশি দূরে নয়—চলতি বছরের আগামী ৫ ডিসেম্বরই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
দীর্ঘদিন ধরেই মিমির ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলে আসছে। তবে সাম্প্রতিক একটি ঘটনা সেই চর্চায় নতুন মাত্রা যোগ করেছে। সম্প্রতি কলকাতার এক নামী ফ্যাশন ডিজাইনারের স্টোর থেকে মিমির বেরিয়ে আসার একটি দৃশ্য প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে প্রশ্ন জাগে। বলিউড থেকে শুরু করে টলিউডের প্রথম সারির তারকাদের বিয়ের সাজ মানেই সবার আগে যাঁর নাম মাথায় আসে, সেই প্রখ্যাত বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়-এর স্টোর থেকেই দেখা মিলেছে তাঁর। ফলে প্রশ্ন উঠছে, তবে কি নিজের বিয়ের পোশাক বা সাজ চূড়ান্ত করতেই সেখানে হাজির হয়েছিলেন এই টলি নায়িকা?
যদিও নিজের সম্ভাব্য বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি মিমি। তবে ইন্ডাস্ট্রির ভেতরের খবর বলছে, পাত্র বিনোদনজগতের কেউ নন। সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে নাকি দীর্ঘ সময় ধরে সম্পর্কে রয়েছেন মিমি। পেশাগতভাবে তিনি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত বলে গুঞ্জন রয়েছে, যদিও এ বিষয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন তথ্য শোনা যাচ্ছে।
বলিউডের শীর্ষস্থানীয় তারকা থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কিয়ারা আদবানি কিংবা অদিতি রাও হায়দারির মতো তারকারা তাঁদের বিশেষ দিনে সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সেজেছেন। সেই তালিকায় এবার কি তবে যোগ হতে চলেছে মিমির নাম? এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য মিমি কিংবা তাঁর ঘনিষ্ঠ মহলের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষা করতেই হচ্ছে, তবে ততক্ষণে টলিপাড়ার এই জল্পনা যে ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।