কিশোরগঞ্জ রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠিত: আগামী ১৫ দিনে চক্ষু ও ডেন্টাল ক্যাম্প

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জ রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠিত: আগামী ১৫ দিনে চক্ষু ও ডেন্টাল ক্যাম্প
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত (ছবি: সকালবেলা )।

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কিশোরগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ খ্রিষ্টাব্দ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) জেলা ইউনিটের কার্যালয়ে আয়োজিত বিশেষ সাধারণ সভা (ওজিএম) শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচিত নতুন কমিটির পদাধিকারী ও সদস্যদের নাম ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সোহেল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

ঘোষিত কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা. মো. আতিকুল সারোয়ার এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন লুৎফুর রহমান চৌধুরী হেলাল।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুবুল আলম, মো. আব্দুল্লাহ আল মোহাইমিন (লাক মিয়া), মোস্তাক আহমেদ শাহীন, এ এফ এম ইমদাদ উল্লাহ এবং আফতাব উদ্দিন মিলন। সভাটির সার্বিক সঞ্চালনা করেন রেড ক্রিসেন্টের উপ-সহকারী পরিচালক ও ইউনিট লেভেল কর্মকর্তা মো. আব্দুল মোতালিব।

সভাপতির বক্তব্যে জেলা ইউনিটের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সোহেল খান জেলার মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তাৎক্ষণিক কিছু বাস্তবমুখী পদক্ষেপের ঘোষণা দেন। এর অংশ হিসেবে তিনি জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী ১৫ দিনের মধ্যে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে বিশেষায়িত চক্ষু ক্যাম্প ও ডেন্টাল ক্যাম্প পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, “আর্তমানবতার কল্যাণে রেড ক্রিসেন্টের সার্বিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করতে নতুন কমিটির কার্যকর ভূমিকার পাশাপাশি স্থানীয় সুধীসমাজ ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।”

নতুন কমিটির দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে কিশোরগঞ্জ জেলায় দুর্যোগকালীন তৎপরতা, রক্তদান কর্মসূচি ও মানবিক জনকল্যাণমূলক উদ্যোগগুলো আরও প্রসারিত হবে বলে সভায় উপস্থিত সাধারণ সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন