রামদেবকে কঙ্গনার কটাক্ষ: ‘আমার চরিত্র আপনার থেকে ভালো’

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
রামদেবকে কঙ্গনার কটাক্ষ: ‘আমার চরিত্র আপনার থেকে ভালো’
একটি ফাইল ছবিতে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও যোগগুরু বাবা রামদেব।

নিজস্ব প্রতিবেদক: ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এবার মুখোমুখি অবস্থানে জড়িয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও যোগগুরু বাবা রামদেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার অতীতের আচরণ ও মানসিকতা নিয়ে তীব্র সমালোচনা করেন রামদেব। তার সেই মন্তব্যের জের ধরে এবার রামদেবের চরিত্র ও অতীত নিয়ে পাল্টাধাওয়া দিলেন এই অভিনেত্রী।

ঘটনাসূত্রে জানা যায়, দিল্লির যন্তর মন্তরে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলনরত তরুণদের ‘নর্দমার কীট’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। কঙ্গনার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করলে সম্প্রতি মুখ খোলেন বাবা রামদেব। তিনি স্পষ্ট জানান, দেশের যুবসমাজকে যারা নর্দমার সঙ্গে তুলনা করে, তাদের নিয়ে কথা বলাও বৃথা। এটি ‘বিকৃত মনের’ পরিচয় উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোকে এ ধরনের ব্যক্তিত্বদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। সেই সাথে কঙ্গনার অতীত, শৈশব ও ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তোলেন এই যোগগুরু।

রামদেবের এমন বক্তব্যে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি যোগগুরুকে উদ্দেশ্য করে বলেন, "বাবাজি, আমার যৌবন এবং বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।" একই সাথে গুজবের ওপর ভিত্তি করে কারো ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য না করার তাগিদ দেন তিনি।

নিজের অবস্থান শক্ত করে কঙ্গনা দাবি করেন, কোনো ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য তাকে কখনো সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। রামদেবের চেয়ে নিজের ভাবমূর্তি অনেক পরিষ্কার উল্লেখ করে তিনি বলেন, "আমার চরিত্র আপনার চেয়ে অনেক ভালো। অন্তত আমার বিরুদ্ধে কোনো প্রতারণার অভিযোগ নেই।"

পরবর্তীতে নিজের আগের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে কঙ্গনা জানান, তিনি ঢালাওভাবে দেশের তরুণ সমাজকে নিয়ে কিছু বলেননি। দেশের যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি কেবল যন্তর মন্তরে জমা হওয়া নির্দিষ্ট বিশৃঙ্খলাকারী ভিড়টিকে লক্ষ্য করে কথাটি বলেছিলেন। কঙ্গনা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তিনি যদি পুরো তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে কটূক্তি করে থাকেন—এমন প্রমাণ কেউ দেখাতে পারলে তিনি তা মেনে নেবেন। একই সঙ্গে রামদেবের সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক বিরোধে জড়ানোর ইচ্ছা নেই বলেও স্পষ্ট করেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন