‘জেলার ২’-এর গানে নজর কেড়েছেন শামনা কাসিম: জেনে নিন তাঁর পরিচয়

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
‘জেলার ২’-এর গানে নজর কেড়েছেন শামনা কাসিম: জেনে নিন তাঁর পরিচয়
‘আলা বোলেলো’ গানে রজনীকান্তের সঙ্গে পারফর্ম করছেন শামনা কাসিম।

অনলাইন ডেস্ক: ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ব্লকবাস্টার সিনেমা ‘জেলার’-এর বহুল প্রতিক্ষিত সিক্যুয়েল ‘জেলার ২’ মুক্তির প্রাক্কালে প্রকাশ পেয়েছে প্রথম গান ‘আলা বোলেলো’। কেরালার ঐতিহ্যবাহী ‘ওনম’ উৎসবের আবহ নিয়ে তৈরি এ গানে সুর ও কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। গানটি প্রকাশের পরপরই সুপারস্টার রজনীকান্তের সঙ্গে এতে দুর্দান্ত পারফর্ম করে নেটদুনিয়ায় আলোচনার শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী শামনা কাসিম।

সিনেমায় কেবল এই একটি বিশেষ নাচেই অংশ নিয়েছেন তিনি, তাতেই বাজিমাত করেছেন এই তারকা।

ভারতের কেরালার কান্নুরে জন্ম নেওয়া শামনা কাসিম ছোটবেলা থেকেই ধ্রুপদী নাচের চর্চা করে আসছেন। ২০০৪ সালে মালয়ালম ভাষার ‘মঞ্জু পলোরু পেংকুট্টি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে তাঁর। এরপর তেলেগুতে ‘শ্রী মহালক্ষ্মী’ এবং তামিল ইন্ডাস্ট্রিতে ‘মুনিয়ান্দি বিলাঙ্গিয়াল মুনরামান্ডু’ দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

দীর্ঘ ক্যারিয়ারে ‘দ্রোহী’, ‘আডু পুলি’, ‘থাগারারু’ এবং ‘সাভারাকাথি’-র মতো জনপ্রিয় বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতার পাশাপাশি জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’-তে শশিকলার চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি।

নেলসনের পরিচালনায় ‘জেলার ২’ সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মির্না ও যোগী বাবু। এছাড়া বিশেষ অতিথি চরিত্রে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ এবং হৃতিক রোশনকে। আগামী ১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত এই সিনেমাটি।

মন্তব্য করুন