বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বাণিজ্য ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতির আশঙ্কা এবং শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা চতুর্থ দিনের মতো কমেছে। শুক্রবার (১৫ মে) স্বর্ণের দাম কমে গত ৬ মে’র পর সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬১৩.১৯ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম মোট ২.১ শতাংশ হ্রাস পেয়েছে। জুন মাসের গোল্ড ফিউচার ১.৪ শতাংশ কমে ৪,৬১৯ ডলারে দাঁড়িয়েছে। শুধু স্বর্ণ নয়, রুপার দাম ৩.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৮০.৯৩ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও নিম্নমুখী।
বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে ডলারের মান ১ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আবেদন কিছুটা কমেছে। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির নতুন শঙ্কা এবং সুদহার কমার সম্ভাবনা ক্ষীণ হওয়াকেও স্বর্ণের দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বিনিয়োগকারীদের নজর এখন বেইজিংয়ে চলমান ট্রাম্প-শি জিনপিং বৈঠকের দিকে। তিন দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে আজ দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। তাইওয়ান ইস্যু এবং বাণিজ্য চুক্তির মতো সংবেদনশীল বিষয়গুলো এই বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে, যা পরবর্তীকালে বাজার পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।
|