শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী নিহত

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ
শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী নিহত

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন। 

আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবপুরের আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিস নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামের এবং স্বাধীন একই উপজেলার বাদুয়্যারচরের পুরানপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও নিহতের সহপাঠীরা জানান, আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল স্থানীয় শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজ তাদের ব্যবসায় শিক্ষা শাখার মার্কেটিং (বাজারজাতকরণ) পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে দুই বন্ধু মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শিবপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন