রাজধানীতে শুরু হচ্ছে পাণ্ডুলিপি গবেষণার বিশেষায়িত কর্মশালা
আমিরুল ইসলাম লুকমান: বাংলাদেশে প্রাচীন পাণ্ডুলিপি গবেষণা ও নিরীক্ষামূলক পাঠসম্পাদনা (তাহকীক) চর্চাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে ছয় দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা ‘খেদমাতুন নস’ (পাঠ পরিচর্যা) আগামী ১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে।
রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযুল ফাতাওয়া আল-ইসলামিয়া, ঢাকা এবং দারুল মাখতূতাত, ইস্তাম্বুলের যৌথ উদ্যোগে ১ থেকে ৬ আগস্ট ২০২৬ পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালায় তা'লীক (টীকাকরণ), তাখরিজুন নুসূস (উদ্ধৃতি ও উৎসনির্ণয়), দিরাসা (ভূমিকা ও নস সমীক্ষা), ফাহরাসা (সূচি প্রণয়ন) এবং আলাকাতুন নুসূস (পাঠসমূহের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ) বিষয়ে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ কর্মশালায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে অংশ নেবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— দারুল মাখতূতাত (ইস্তাম্বুল) এবং আলেপ্পোর দারুল ফুকাহা ও দারুল ইরফানের মহাপরিচালক ড. মাহমুদ মাসরি এবং দারুল মাখতূতাতের নির্বাহী পরিচালক ও মা'হাদুল মাখতূতাতিল আরাবিয়্যার (মিসর) সাবেক মহাপরিচালক ড. ফায়সাল হাফয়ান।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৪ থেকে ১৮ আগস্ট দেশে প্রথমবারের মতো ‘তাহকীকুন নুসূস’ শীর্ষক ৫ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় দেশের বিভিন্ন কওমি মাদরাসা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ আল-আযহার, মদিনা ও শারজাহ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গ্র্যাজুয়েটসহ ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রথম ধাপের সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপের এই বিশেষায়িত প্রশিক্ষণ দেশে পাণ্ডুলিপি গবেষণা ও তাহকীক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মারকাযুল ফাতাওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইয়াহইয়া।
এআইএল/সকালবেলা