বেতাগীতে দুই মাদ্রাসায় পাসের হার বিপর্যয়
মোঃ সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার দুটি দাখিল মাদ্রাসায় এবারের পরীক্ষার ফল নিয়ে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। কাঁঠালতলী নেছারিয়া দাখিল মাদ্রাসা ও আলহাজ্ব জমিরউদ্দীন মৃধা দাখিল মাদ্রাসা থেকে মোট ৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৫ জন।
স্থানীয়দের তথ্যমতে, প্রতিষ্ঠান দুটিতে মোট ২৭ জন শিক্ষক কর্মরত রয়েছেন (জমিরউদ্দীন মৃধা মাদ্রাসায় ১০ জন এবং কাঁঠালতলী নেছারিয়া মাদ্রাসায় ১৭ জন)। অর্থাৎ উত্তীর্ণ শিক্ষার্থীর চেয়ে শিক্ষকের সংখ্যাই বেশি।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের অনিয়মিত পাঠদান, ক্লাস চলাকালে প্রতিষ্ঠান ত্যাগ করা এবং অবহেলার কারণেই এই বিপর্যয়। তবে আলহাজ্ব জমিরউদ্দীন মৃধা দাখিল মাদ্রাসার সুপার মো. নাজমুল হক জানান, গণিত শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা ওই বিষয়ে খারাপ করেছে। অন্যদিকে কাঁঠালতলী নেছারিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপারের কাছে মন্তব্য চাইতে গেলে তিনি কোনো কথা না বলে চলে যান।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা
|