এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা

সকালবেলা ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় এসএসসি পরীক্ষার ফলাফলেই ফেল করায় নাদিয়া আক্তার (১৮) নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের নানা বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত নাদিয়া আক্তার কচুয়া উপজেলার তুলপাই গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে কুমিল্লার চান্দিনা উপজেলার কৈলান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাঁদের খোঁজখবর কিংবা ভরণপোষণ দিতেন না। এতে বাধ্য হয়ে নাদিয়ার মা নুরুন্নাহার বেগম কচুয়া টাওয়ার ও ডায়াগনস্টিক হসপিটালে আয়ার চাকরি নিয়ে দুই মেয়েকে সঙ্গে করে নানা বাড়িতে বসবাস করছিলেন।

সম্প্রতি প্রকাশিত এসএসসি ফলাফলে নাদিয়া তিনটি বিষয়ে অকৃতকার্য হলে হতাশ হয়ে পড়ে। শুক্রবার সকালে তাঁর মা ডিউটি শেষে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে নাদিয়াকে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন