চীনের সিনোভ্যাকের পোলিও টিকা অনুদান পেল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিকে (ইপিআই) আরও শক্তিশালী করতে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন। বুধবার (১৩ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অনুদান গ্রহণ করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের পক্ষ থেকে টিকাগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের এই সহায়তা প্রমাণ করে তারা বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু। তিনি বলেন, বর্তমানে হামের টিকাদান কার্যক্রম সফলভাবে চললেও সামনে ডেঙ্গু ও পোলিওসহ বিভিন্ন রোগ মোকাবিলা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে দেশে পোলিও ও যক্ষ্মাসহ প্রয়োজনীয় কোনো টিকার ঘাটতি নেই।
মন্ত্রী আরও জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশুকে ইতোমধ্যে হামের টিকা দেওয়া হয়েছে। যারা এখনও বাদ পড়েছে, তাদের দ্রুত টিকার আওতায় আনা হবে। এ ছাড়া শিগগিরই ‘ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডিরেক্টর লি নিং বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফায়েড এই পোলিও (sIPV) ভ্যাকসিন অনুদান দিতে পেরে আমরা আনন্দিত। পোলিও প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান। আমরা আশা করি, এই অনুদান বাংলাদেশের পোলিও নির্মূল প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে চীনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হুয়াং মউচং, স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
|