আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বিশেষ সংবাদদাতা: মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়টি জানা যায়। এর আগে গত ৩১ আগস্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী আছিয়া। শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান। গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হলে পরবর্তীতে হাসপাতালে তাঁর লাশ উদ্ধার ও ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ ঘটনায় নিহত শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাত্র ১৩ কার্যদিবসের মধ্যে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানের আদেশ দেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারিক আদালতের সেই ডেথ রেফারেন্স ও মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হলে শুনানি শেষে উচ্চ আদালত হিটু শেখের সর্বোচ্চ শাস্তি বহাল রেখে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
এআইএল/সকালবেলা